মিডিয়া ওয়াচ:
২৭ জানুয়ারি প্রকাশিত প্রথম আলো পত্রিকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় কাভারেজের পরিমাণ ও গুরুত্বের ক্ষেত্রে দলগুলোর মধ্যে স্পষ্ট স্তরভিত্তিক বিভাজন রয়েছে। অবস্থান ও উপস্থাপনার দিক থেকে বিএনপি এগিয়ে। জামায়াতে ইসলামী, তাদের জোটসঙ্গী এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থীরা মূলত ভেতরের পাতায় সীমাবদ্ধ ছিল।

বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে এদিন মোট ৪টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতার উপরের অংশে দুই কলামের সংবাদ, যা দ্বিতীয় পাতায় দুই কলামের জাম্প স্টোরি হিসেবে স্থান পেয়েছে। পাশাপাশি দ্বিতীয় পাতায় আরও একটি দুই কলামের সংবাদ প্রকাশিত হয়। বাকি দুটি সংবাদ ছিল ষষ্ঠ ও সপ্তম পাতায় এক কলামের আকারে।
ছবির ক্ষেত্রেও বিএনপি তুলনামূলকভাবে দৃশ্যমান ছিল। দলটিকে নিয়ে প্রকাশিত ৪টি ছবির মধ্যে প্রথম ও দ্বিতীয় পাতায় মাগশট ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া ষষ্ঠ পাতায় দুই কলামের এবং সপ্তম পাতায় এক কলামের ছবি প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে ৩টি সংবাদ। এর মধ্যে একটি প্রথম পাতায় এক কলামের সংবাদ হিসেবে স্থান পেলেও সেটি দ্বিতীয় পাতার নিচের অংশে তিন কলামের জাম্প স্টোরি হিসেবে বিস্তৃত হয়। বাকি দুটি সংবাদ ছিল সপ্তম পাতায়—একটি দুই কলামের এবং একটি এক কলামের। ছবির ক্ষেত্রে দলটিকে নিয়ে প্রকাশিত হয় ২টি ছবি, যার একটি প্রথম পাতায় মাগশট আকারে এবং অন্যটি সপ্তম পাতায় এক কলামের।জামায়াতে ইসলামীর জোটসঙ্গী এনসিপি নিয়ে প্রকাশিত হয় ২টি সংবাদ ও ২টি ছবি, সবগুলোই সপ্তম পাতার উপরের অংশে সীমাবদ্ধ ছিল।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটি দুই কলামের সংবাদ ও একটি ছবি প্রকাশিত হলেও তা ছিল সপ্তম পাতায়।
সামগ্রিকভাবে বলা যায়, ২৭ জানুয়ারি প্রথম আলোর নির্বাচনী কাভারেজে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে, জামায়াতে ইসলামীর উপস্থিতি মাঝামাঝি স্তরে সীমাবদ্ধ ছিল এবং জোটসঙ্গী ও স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে প্রান্তিক অবস্থানে থেকেছে।