মিডিয়া ওয়াচ:
২৭ জানুয়ারি প্রকাশিত কালের কণ্ঠ পত্রিকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, সংবাদসংখ্যা ও অবস্থানগত গুরুত্বের দিক থেকে বিএনপি অন্য দলগুলোর তুলনায় বেশি কাভারেজ পেয়েছে। যদিও ছবির সংখ্যা সীমিত ছিল তবুও সামগ্রিক উপস্থাপনায় দলটি তুলনামূলক অগ্রাধিকার ভোগ করেছে।
বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে মোট ৩টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতার নিচের অংশে দেড় কলামের সংবাদ, যা দ্বিতীয় পাতার উপরের অংশে তিন কলামের জাম্প স্টোরি হিসেবে বিস্তৃত হয়। বাকি দুটি সংবাদ ছিল তৃতীয় ও দ্বাদশ পাতায় এক কলামের আকারে, যা ভেতরের পাতায় হলেও ধারাবাহিক উপস্থিতি নিশ্চিত করেছে।
ছবির ক্ষেত্রে বিএনপির উপস্থিতি তুলনামূলকভাবে কম। দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে মাত্র একটি ছবি, সেটিও প্রথম পাতার মাঝামাঝি অংশে দেড় কলামের আকারে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে মাত্র একটি সংবাদ, সেটিও প্রথম পাতার নিচের অংশে দেড় কলামের। সংবাদটি দ্বিতীয় পাতায় এক কলামের জাম্প স্টোরি হিসেবে ছাপা হয়। ছবির ক্ষেত্রেও দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে একটি দেড় কলামের ছবি, যা প্রথম পাতার মাঝামাঝি অংশে।
জামায়াতে ইসলামীর জোটসঙ্গী এনসিপি নিয়ে প্রকাশিত হয়েছে ২টি সংবাদ, একটি তৃতীয় পাতার উপরের অংশে এক কলামের এবং অন্যটি দ্বাদশ পাতার নিচের অংশে দুই কলামের। তবে দলটিকে নিয়ে কোনো ছবি প্রকাশিত হয়নি, যা তাদের ভিজ্যুয়াল দৃশ্যমানতা সীমিত করেছে।
উল্লেখযোগ্যভাবে, বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কোনো সংবাদ বা ছবি প্রকাশিত হয়নি।
সামগ্রিকভাবে বলা যায়, ২৭ জানুয়ারি কালের কণ্ঠ পত্রিকায় নির্বাচনী প্রচারণার কাভারেজে বিএনপি সংখ্যাগত ও অবস্থানগত দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামি ও তাদের জোটসঙ্গী এনসিপি সীমিত উপস্থিতি নিয়ে পিছিয়ে ছিল, আর স্বতন্ত্র প্রার্থীরা পুরোপুরি উপেক্ষিত থেকেছে।