২৫ জানুয়ারি প্রকাশিত সমকাল পত্রিকার নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, প্রথম পাতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কাভারেজের ক্ষেত্রে একটি দৃশ্যমান ভারসাম্য বজায় রাখা হলেও ভেতরের পাতাগুলোতে গিয়ে সেই ভারসাম্য আর থাকেনি। অভ্যন্তরীণ পাতায় সংবাদ ও ছবির পরিমাণ, অবস্থান এবং বিস্তৃতিতে স্পষ্টভাবে বিএনপিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রথম পাতায় বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলেরই নিচের অংশে দুই কলামজুড়ে সংবাদ ও ছবি প্রকাশিত হয়। উভয় দলের ক্ষেত্রেই সংবাদগুলো জাম্প স্টোরির মাধ্যমে নবম পাতায় স্থান পায়, যা প্রথম পাতায় কাভারেজের দিক থেকে একটি তুলনামূলক সমতার ইঙ্গিত দেয়।

তবে ভেতরের পাতায় চিত্রটি ভিন্ন। প্রথম পাতার পরবর্তী অংশে বিএনপির মোট চারটি সংবাদ তৃতীয় ও সপ্তম পাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে প্রকাশিত হয়েছে যার মধ্যে দুই কলামের সংবাদও রয়েছে। একই সঙ্গে ভেতরের পাতাগুলোতে বিএনপির একাধিক ছবি ব্যবহার করা হয়েছে, যা দলটির প্রচারণাকে ধারাবাহিকভাবে দৃশ্যমান রেখেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে প্রথম পাতার পর আর কোনো সংবাদ বা ছবি ভেতরের পাতায় দেখা যায়নি। ফলে প্রথম পাতায় সমান অবস্থান পেলেও পরবর্তী কাভারেজে দলটির উপস্থিতি কার্যত অনুপস্থিত ছিল।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভেতরের পাতায় সীমিতসংখ্যক সংবাদ ও ছবি প্রকাশিত হলেও সেগুলোর সংখ্যা ও গুরুত্ব বিএনপির কাভারেজের সঙ্গে তুলনাযোগ্য নয়।

সামগ্রিকভাবে দেখা যায় প্রথম পাতায় সমতা বজায় রাখার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ চিত্র উপস্থাপন করা হলেও ভেতরের পাতায় ধারাবাহিক সংবাদ ও ছবির মাধ্যমে নির্বাচনী প্রচারণায় মূল ফোকাস হিসেবে বিএনপিকেই তুলে ধরা হয়েছে। এতে নির্বাচনী কাভারেজের প্রকৃত ভারসাম্য নিয়ে প্রশ্ন দেখা দেয়।