মিডিয়া ওয়াচ:
২৭ জানুয়ারি প্রকাশিত নয়া দিগন্ত পত্রিকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত সংবাদ ও ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, সংবাদ সংখ্যায় বিএনপি এগিয়ে থাকলেও অবস্থান, কলামের আকার ও ভিজ্যুয়াল ব্যবহারের দিক থেকে জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে বেশি কাভারেজ পেয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, বিএনপিকে নিয়ে মোট ৪টি সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি প্রথম পাতার নিচের অংশে দুই কলামের সংবাদ, যা দ্বিতীয় পাতায় দুই কলামের জাম্প স্টোরি হিসেবে ছাপা হয়। বাকি সংবাদগুলো মূলত ভেতরের ও শেষের পাতায়। তৃতীয় পাতায় দুটি দেড় কলামের সংবাদ এবং শেষ পাতায় একটি এক কলামের সংবাদ, যার জাম্প স্টোরি ছিল ১৫তম পাতায়।

ছবির ক্ষেত্রেও বিএনপির উপস্থিতি ছিল ৩টি ছবিতে। এর মধ্যে একটি প্রথম পাতায় দুই কলামের, একটি শেষ পাতায় দুই কলামের এবং একটি তৃতীয় পাতায় দেড় কলামের ছবি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীকে নিয়ে প্রকাশিত হয়েছে ২টি সংবাদ, কিন্তু সেগুলোর উপস্থাপন ছিল অধিক গুরুত্ববাহী। প্রথম পাতার নিচের অংশে প্রকাশিত দুই কলামের সংবাদটি আকারে বিএনপির একই স্থানের দুই কলামের সংবাদের চেয়েও বড় ছিল এবং সেটি দ্বিতীয় পাতার মাঝামাঝি অংশে দুই কলামের জাম্প স্টোরি হিসেবে ছাপা হয়। দ্বিতীয় সংবাদটি তৃতীয় পাতার উপরের অংশে দুই কলামের। যা পৃষ্ঠার অন্যতম দৃশ্যমান অবস্থান।

ছবির ক্ষেত্রেও জামায়াতে ইসলামী স্পষ্টভাবে এগিয়ে। দলটিকে নিয়ে প্রকাশিত হয়েছে ৩টি ছবি, যার মধ্যে প্রথম পাতার দুই কলামের ছবিটি আকারে বিএনপির তুলনামূলক ছবির চেয়েও বড়। এছাড়া তৃতীয় পাতায় এক কলাম ও দেড় কলামের দুটি ছবি ব্যবহার করা হয়েছে। জামায়াতে ইসলামীর জোট নিয়ে প্রকাশিত হয়েছে ২টি সংবাদ ও ১টি ছবি।

উল্লেখযোগ্যভাবে, বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কোনো সংবাদ বা ছবি প্রকাশিত হয়নি।

সামগ্রিকভাবে বলা যায়, ২৭ জানুয়ারি নয়া দিগন্ত পত্রিকায় নির্বাচনী প্রচারণার কাভারেজে জামায়াতে ইসলামী আকার, অবস্থান ও ভিজ্যুয়ালের কারণে সবচেয়ে বেশি কাভারেজ পেয়েছে, আর বিএনপি সংখ্যাগত আধিক্য থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে দ্বিতীয় অবস্থানে ছিল।