জামায়াত ক্ষমতায় আসবে কেবল নির্বাচনে অনিয়ম হলে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।
একটি দল মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে- টুকু
খুলনা মহানগর বিএনপির এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন যে, একটি বিশেষ দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, তাই বলে মুক্তিযুদ্ধ নষ্ট হয়ে যায়নাই। যারা (জামায়াত) তখন মা বোনদের তুলে দিয়েছিল তারা এখন সেই মা বোনদের ভোট চাচ্ছে। তিনি নারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন যেন তারা এদের ফাঁদে পা না দেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন যে, ১৯৭১ সালের যুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন যে বিএনপি সেই জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা কোনো আপস করবে না।
যশোরে দাঁড়িপাল্লার মিছিল থেকে লাঙলের প্রচার গাড়িতে হামলার অভিযোগ
যশোর-৩ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় শহরের বেজপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিল থেকে জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রচার গাড়িতে হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির প্রার্থী খবির গাজীর পক্ষ থেকে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও জামায়াত নেতাদের দাবি, রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় গাড়িটি সরাতে গিয়ে অসাবধানতাবশত ব্যানারটি কিছুটা ছিঁড়ে গিয়েছিল। বর্তমানে পুলিশ এই অভিযোগটি খতিয়ে দেখছে।
দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা ‘স্বাধীনতার বিপক্ষে’ ছিল: ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আজ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাচ্ছে তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা ও লুটতরাজ করেছিল। তিনি হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
চরমোনাই পীর: ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে
নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর অভিযোগ করেছেন যে, একটি নির্দিষ্ট দল ইসলামের নাম ব্যবহার করে ধোঁকা দিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং এর ফলে তারা ইসলামী আদর্শ বাস্তবায়নের জোটের ঐক্য নষ্ট করেছে। তিনি দাবি করেন, ওই দলটি আদর্শের কথা বললেও গোপনে প্রতিবেশী দেশের সঙ্গে নিয়মিত বৈঠক করে ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে এবং প্রকৃতপক্ষে তারা শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনায় আগ্রহী নয়।