জাতীয় নাগরিক পার্টি

বহুমাত্রিক প্রচারে গুরুত্ব পাবে স্থানীয় বাস্তবতা

আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রচারণায় বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে, যেখানে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা এবং দলীয় প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে জনমত গঠনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, প্রার্থীরা স্থানীয় বাস্তবতা ও মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে প্রচারণায় প্রাধান্য দেবেন এবং যেসব আসনে তাঁদের প্রার্থী নেই, সেখানে ‘গণভোট অ্যাম্বাসেডর’ নিয়োগের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালানো হবে। প্রচারণাকে আকর্ষণীয় করতে ২০ জানুয়ারির মধ্যে একটি বিশেষ 'থিম সং' প্রকাশের প্রস্তুতি চলছে এবং মাঠপর্যায়ের কর্মসূচির পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ ও প্রবাসী ভোটারদের লক্ষ্য করে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। লুৎফর রহমানের নেতৃত্বে গঠিত ‘ক্যাম্পেইন উপকমিটি’ আগামী ২৪ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর কথা ভাবছে, যেখানে নারী ও নতুন ভোটারদের জন্য আলাদা উদ্যোগ এবং জোটভুক্ত দলগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

নির্বাচন সামনে রেখে এনসিপির কেন্দ্রীয় ক্রাউড ফান্ডিং শুরু

জাতীয় নাগরিক পার্টির (NCP) পক্ষ থেকে আসিফ মাহমুদ নির্বাচন পরিচালনার জন্য অফিশিয়ালি 'ক্রাউড ফান্ডিং' বা গণতহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রায় ৯৫ শতাংশ প্রার্থীর জন্য কেন্দ্রীয়ভাবে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে, যা অডিট রিপোর্টের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করা হবে । আসিফ মাহমুদ উল্লেখ করেন যে, তাদের প্রার্থীরা সাধারণ নাগরিক ও ছাত্র হওয়ায় জনগণের আর্থিক ও নৈতিক সমর্থনই তাদের মূল শক্তি। তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী বা ঋণখেলাপির অর্থে নয়, বরং জনগণের অর্থে নির্বাচিত হয়ে সংসদে তাদেরই প্রতিনিধিত্ব করতে চায় জাতীয় নাগরিক পার্টি ।

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক, আলোচনায় নির্বাচনসহ নানা ইস্যু

জাতীয় নাগরিক পার্টির (NCP) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় বৈঠক করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানানো, বিশেষ করে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের অবৈধভাবে বৈধতা দেওয়ার বিষয়টি নিয়ে। এর আগে এনসিপি নেতারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জোটবদ্ধ নির্বাচনের কৌশল এবং কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন । প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা বিস্তারিত ব্রিফিং করার কথা জানান।